
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৪’ অনুযায়ী এবারও দিবসটি উদযাপিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাঠপর্যায়ের কর্মকর্তা এবং স্কুল-কলেজের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও একই অনুরোধ জানানো হয়।
নীতিমালা অনুসারে, প্রতিবছর ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী দিবসটি পালিত হবে। দিবস উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
এছাড়া প্রতি বছর ১২ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা হিসেবে প্রতিজন শিক্ষক দু’ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র পাবেন। ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দিবস উদযাপনের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২২ সাল থেকে সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শুরু হয়। এর আগে কেবল শিক্ষক সংগঠনগুলো নিজেদের উদ্যোগে দিবসটি পালন করত।