
ষ্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাসা ও অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয় বলে আজম খান দাবি করেন।
মঙ্গলবার দুপুরে শহরের চিত্রলেখা মোড়ের সিংহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজম খান অভিযোগ করে বলেন, আমি সকাল ১১ টায় বাসায় অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত বাসার গেইট ভেঙে বাসা, অফিস ও গাড়ি ভাংচুর করে। এসময় তারা ইট- পাটকেল নিক্ষেপ করে বাসার আসবাব পত্র তছনছ করে ও ভেঙে ফেলে। একে একে দফা হামলায় আমার ১০ জন লোক আহত হয়। তিনি বলেন, আমি যেহেতু বিএনপি করি, বিএনপির একটি অংশের কিছু এ হামলায় জড়িত বলে আজম খান দাবি করেন।
এদিকে,এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু’দফা সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আহতদের মধ্যে ফরিদ (৪৫), ফারুক গাজী (২৮) ও আকাশ খান জিতু (৪৭) গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আজম খানের হাসান আলী হাই স্কুল মাঠে একটি সভা করার কথা ছিলো। এ সভার প্রস্তুতিকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ তার বাসা ও অফিসে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যৌথ বাহিনীও সেখানে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ ফরিদ আহমেদ মানিক পন্থী নেতাকর্মীরা তারেক রহমান ও মানিক ভাই নামে স্লোগান দিয়ে পোস্ট করেন। অন্যদিকে, আজম খান এক ফেসবুক ভিডিও বার্তায় অভিযোগ করেন, “আমার দলের লোকজনই আমার ওপর হামলা চালিয়েছে। তারা আমার বাসা, অফিস, গাড়ি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিও ভাঙচুর করেছে।” তবে তিনি মামলা করবেন না বলে জানান।
এ ঘটনায় পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।