
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ সেকদি–চান্দ্রা সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রায় ৬ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পে “ভালো ইটের নিচে খারাপ ইট” বিছিয়ে কাজ এগিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের নিচে নিম্নমানের ইট বিছিয়ে তার ওপর ভালো মানের ইট সাজিয়ে বালিতে ঢেকে দেওয়া হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ইট বদলের হিড়িক।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ধীরগতিতে চলা কাজ এখন হঠাৎ গতি পেয়েছে। তারা বলেন, সংবাদ প্রকাশের পরই দেখা যাচ্ছে, ট্রাক ভর্তি করে খারাপ ইট সরানো হচ্ছে এবং নতুন ইট আনা হচ্ছে।”
তদারকি কর্মকর্তা হাবিবুর রহমান ভুট্টো বলেন, “ভুলবশত কিছু নিম্নমানের ইট এসেছিল। সেগুলো অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে মান বজায় রেখেই কাজ সম্পন্ন হবে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ বলেন, “সংবাদ প্রকাশের পরই আমরা ব্যবস্থা নিয়েছি। ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত ইট ব্যবহার করতে।”