
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরে গ্লোব ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি রুবেল হোসেন রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিহত রুবেলের সহকর্মী, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিহত রুবেল হোসেন রাফি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আদরবেটি গ্রামের সরদার বাড়ির হাবিবুল্লাহ সর্দারের ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, “রুবেল হত্যার মূল পরিকল্পনাকারী এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আদালতের প্রতি দ্রুত বিচারের রায় কার্যকরের আহ্বান জানাই।”
তারা আরও বলেন, একজন তরুণ বিক্রয় প্রতিনিধিকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ড শুধু পরিবার নয়, কর্মক্ষেত্র এবং সমাজের জন্যও বড় ক্ষতি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুবেল হোসেন চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে ভাড়া নেন। তখন তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘মোহাম্মদ আরিফুল হক’ নামে অবস্থান করছিলেন। পরে পুলিশ জরুরি বার্তা পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত সহকর্মীরা বলেন, “আমরা চাই, এ হত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং কেউ যেন এ ঘটনার রাজনৈতিক বা সামাজিক প্রভাব খাটিয়ে পার পেয়ে না যায়।”