
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুনায়েদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুনায়েদ ওই মাদ্রাসার আবাসিক ছাত্র এবং নারায়ণপুর ইউনিয়নের হরিদাস পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জুনায়েদ মাদ্রাসার কয়েকজন সহপাঠীর সঙ্গে মাদ্রাসার পাশের ঘাটলায় গোসল করতে নামে। সবাই মিলে পানিতে ডুবাডুবি করছিলো। জানা গেছে, জুনায়েদ সাঁতার জানলেও এক পর্যায়ে সে পানিতে ডুব দিয়ে আর ওঠেনি।
সহপাঠীরা অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে থাকে। পরে ঘাটলার নিচ থেকে জুনায়েদকে উদ্ধার করে মাদ্রাসার শিক্ষককে খবর দেয়। দ্রুত তাকে প্রথমে পয়ালী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।