
শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মানিককে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের সেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে তাকে অপসারণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলমকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জারি করা চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, “তিনি পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন, যার বিরুদ্ধে আদালতে রিট চলমান ছিলো। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি উপজেলা পরিষদের টানা পাঁচটি সভায় অনুপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে জেলা প্রশাসন তাকে অপসারণ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।”