
শাহরাস্তি ব্যুরো:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চেঙ্গাচল বাজারে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণ করেছে শাহরাস্তি উপজেলা বিএনপি। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে নবনির্মিত যাত্রী ছাউনির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও টামটা উত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
উদ্যোগটির সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপম। তিনি বলেন, “এটি সম্পূর্ণ জনসেবামূলক উদ্যোগ। সাধারণ মানুষ যাতে রোদ-বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারেন, সেই চিন্তা থেকেই যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে।”
স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে প্রশংসা করে বলেন, এ ধরনের কাজ জনগণের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।