
চাঁদপুর স্টেডিয়াম প্রতিনিধি:
উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ২১তম চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় রোমাঞ্চকর টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে মতলব উত্তর। ম্যাচে দুর্দান্ত গোলরক্ষক হিসেবে আলো ছড়ান মতলব উত্তরের মো. সাকিব হোসেন — যিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ ও ‘টুর্নামেন্টের সেরা গোলরক্ষক’ নির্বাচিত হন। ফরিদগঞ্জের তারিকুল ইসলাম দুই গোল করে অর্জন করেন ‘সর্বোচ্চ গোলদাতা’র পুরস্কার। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ‘টুর্নামেন্টের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন মতলব উত্তরের মো. ওমর সানি মুন্সী।
জেলার ৮ উপজেলার অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ছিল উৎসবমুখর। ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রায় দশ হাজারেরও বেশি দর্শক স্টেডিয়ামে ভিড় করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে ২০ হাজার টাকা, রানারআপ দল ১৫ হাজার টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পেয়েছেন ৫ হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,
“জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য উদ্যোগ। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক করে তোলে।”
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,
“খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত থাকবে।”
বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিক ও হাজারো ফুটবলপ্রেমী।