
চাঁদপুর জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। ১০ অক্টোবর শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এবং নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নেতৃত্ব ও শৃঙ্খলার গুণাবলি অর্জনে উদ্বুদ্ধ করতে হবে।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শুধু জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে একতা, বন্ধুত্ব ও সহনশীলতার শিক্ষায় অনুপ্রাণিত করে।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা এবং এতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক আগামীতে চাঁদপুরের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।