
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে এক শিশু শিক্ষার্থী। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে রশির মাধ্যমে তাকে উদ্ধার করে। রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার টোরাগড়ে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুর নাম মো. রায়হান (১০)। সে পবিত্র কোরআন মাজিদের ১৮ পারা হাফেজ এবং বর্তমানে হাজীগঞ্জের আল ইহসান মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। উদ্ধার অভিযানের পর তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের টোরাগড় তালুকদার বাড়ির সামনে অবস্থিত একটি ৫ তলা ভবনের ৩য়, ৪র্থ ও ৫ম তলায় আল ইহসান মাদরাসা পরিচালিত হচ্ছে। দুপুরে হঠাৎ করে লোকজন দেখতে পান রায়হান মাদরাসার ৪র্থ তলার এসির আউটডোরে দাঁড়িয়ে আছে। পরে খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে।
শিশুটির মা মাহমুদা বেগম জানান, এর আগেও রায়হান পূর্ববর্তী মাদরাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। আজ আবারও পালানোর চেষ্টা করে এসির আউটডোরে আটকা পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন বলেন, “রায়হানকে মাত্র দুদিন আগে আমাদের হিফজ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালানোর চেষ্টা করে এসির আউটডোরে আটকে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।”
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন চাঁদপুর কণ্ঠকে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রশির সাহায্যে শিশুটিকে উদ্ধার করি। পরে তাকে তার মা ও মাদরাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়। তবে কীভাবে শিশুটি ওই স্থানে আটকা পড়ল, তা নিশ্চিতভাবে বলা যায়নি।”
তিনি আরও জানান, এ ধরনের আবাসিক মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।