
চাঁদপুরসহ সারাদেশে আজ (৪ অক্টোবর) থেকে শুরু হলো টানা ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযানের সময় পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
চাঁদপুরে পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় নদীতে কোনো প্রাপ্তবয়স্ক জেলে ধরা পড়লে তাদের জেল-জরিমানা করা হবে এবং অপ্রাপ্তবয়স্কদের কিশোর কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অভিযান সফল করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর সমন্বয়ে টাস্কফোর্স ইতোমধ্যে তৎপর হয়েছে। নদী তীরবর্তী জেলে পল্লী ও মাছঘাট এলাকায় সচেতনতামূলক পথসভা, সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, এ বছর জেলার মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার ৪৫ হাজার ৬১৫ জন জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেয়া হবে। অন্যদিকে, অভিযানের কারণে কর্মহীন হয়ে পড়া জেলেরা ঋণের কিস্তি সাময়িক বন্ধ রাখার দাবি জানিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপমন্ত্রী ফরিদা আখতার জানান, আশ্বিনী পূর্ণিমার আগে-পরের গুরুত্বপূর্ণ সময়কে অন্তর্ভুক্ত করে সারাদেশে ২২ দিন এ অভিযান চলবে। দেশের ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ১৫ হাজার ৫০৩ মেট্রিক টন চাল দেয়া হবে।
প্রশাসন আশা করছে, মা ইলিশ রক্ষা অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশে ভরে উঠবে।