
সরকারের মানবিক উদ্যোগ “আশ্রয়ণ প্রকল্প”-এর সুফল চাঁদপুরের গৃহহীন পরিবারগুলো পাচ্ছে ধাপে ধাপে। এ প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষ ঘরবাড়ি ও পুনর্বাসনের পাশাপাশি পাচ্ছে আইনি স্বীকৃতি। এর ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বন্দোবস্তপ্রাপ্তদের মাঝে নামজারী খতিয়ান ও কবুলিয়ত বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি উপকারভোগীদের হাতে নামজারী খতিয়ান ও কবুলিয়ত হস্তান্তর করেন। সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন. জামিউল হিকমা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আশ্রয়ণ প্রকল্প কেবল গৃহহীন মানুষকে ঘর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে তারা সমাজে মর্যাদাপূর্ণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আপনারা সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন এবং মাদকসেবন বা মাদক ব্যবসার কোনো সুযোগ যাতে প্রকল্প এলাকায় না থাকে সে বিষয়ে সকলে সতর্ক থাকবেন।”
তিনি আরও বলেন, “সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে আপনাদের নিজেদের জীবনমান উন্নয়নে সচেষ্ট হতে হবে। আপনাদের ঘর শুধু থাকার জন্য নয়, এটি আপনাদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদার প্রতীক।”
সভায় বক্তারা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা যাতে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তারা প্রকল্প এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।