
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল। উত্তেজনাপূর্ণ এই খেলায় মতলব উত্তর উপজেলা দল ১-০ গোলে চাঁদপুর সদর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ–পাল্টা আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ১৫তম মিনিটে মতলব উত্তরের ৭ নম্বর জার্সিধারী সানি চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে চাঁদপুর সদর উপজেলা দল। তবে একাধিক সুযোগ পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। শেষ বাঁশি পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে উঠে মতলব উত্তর উপজেলা।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন একমাত্র গোলদাতা সানি। তার হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
মতলব উত্তর উপজেলা দলের খেলোয়াড়রা ছিলেন— গোলরক্ষক কাউসার, মিজান, আশিক, শাহআলম, আলমগীর, ইয়াসীন, শাওন, সুমন, সোহেল, রাব্বি ও হদয়।
চাঁদপুর সদর উপজেলা দলের খেলোয়াড়রা ছিলেন—গোলরক্ষক মিলন, সাকিব, রকিবুল, অয়ন, সানি, মিলন, সোরভ, নূরে আলম, হাসান, আশিক ও জহিরুল।
রেফারির দায়িত্বে ছিলেন ফিফা তালিকাভুক্ত রেফারি জে এম চৌধুরী নয়ন। সহকারী রেফারি ছিলেন আব্দুল হান্নান মাস্টার ও মোতালেব হোসেন। চতুর্থ রেফারি ছিলেন মাসুদুর রহমান।
আগামী ৩ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।