
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা চাঁদপুরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং সুস্থ সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য নিয়মিত এ আয়োজন চালিয়ে যাওয়া, যাতে জেলার প্রতিটি ক্লাব তাদের খেলোয়াড়দের গড়ে তুলতে পারে এবং জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্ল্যা সলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা ক্রীড়া অফিসার আফাজউদ্দিন, ক্নিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাহবুব আলমসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফরিদগঞ্জ ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফরিদগঞ্জের ৭ নম্বর জার্সিধারী তরুণ ফুটবলার তারিকুল ইসলাম।
গ্রুপ বিন্যাস
টুর্নামেন্ট উপলক্ষে চাঁদপুরের ৮টি উপজেলাকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
ক গ্রুপ: শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা।
খ গ্রুপ: চাঁদপুর সদর, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা।
ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে জমজমাট এই উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা চাঁদপুরে ফুটবলের প্রতি নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে বলে আশা করছেন আয়োজকরা।
ক্যাপশন
চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি দৈনিক চাঁদপুর খবর