
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি সদস্য মোশারফ হোসেন মসুর বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে যুবদল নেতাদের বাধা ও সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী পরিবার মানববন্ধন শুরু করলে বাঁধা দেন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহেব উল্যাহ মীর। এ সময় তিনি মানববন্ধনে উপস্থিতদের ছবি তোলেন এবং সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন।
পরে ঘটনাস্থলে আসেন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান পাটওয়ারী। তিনি মানববন্ধনকারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন এবং সংবাদ সংগ্রহে থাকা চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য শামীম হাসানের ওপর হামলার চেষ্টা চালান। একপর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন।
হঠাৎ এ ঘটনায় মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্য মসুর বিরুদ্ধে দুর্নীতির তথ্য আড়াল করতেই সাংবাদিক লাঞ্ছনার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার পর এলাকাবাসী ও সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সদস্যরা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।