
চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রনি মিজি (১৯) নামের এক বর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রনি মিজি ওই গ্রামের বিল্লাল মিজির ছেলে। তিনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক সহপাঠী মেয়ের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে দুজনের মধ্যে। পরে দুই পরিবারের সম্মতিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিয়ের আয়োজন করা হয়েছিল।
পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে বর-কনের বাড়িতে ঘটা করে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এসময় হঠাৎ করেই রনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনেকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কনের বাবা প্রবাসে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া জানান, “রনি মিজির জানাজা ও দাফনে আমি উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে যেখানে বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানে এখন শোকের মাতম চলছে।