বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা চাঁদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অনুমোদন সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রত্যয়-এর উদ্যোগে করাইল বস্তিতে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা সাংবাদিক কেএম মাসুদের মায়ের ইন্তেকাল  হাজিগঞ্জে পরিবর্তনের হাওয়া! ‘স্মার্ট পৌরসভা’ গড়ার ভিশনে আলোচনায় অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া ভোট চাইতে আসিনি নিউরো বিশেষজ্ঞ ডা. বশীর আহমেদ হৃদয়কে ফুলেল শুভেচ্ছা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রাব্বানী আর নেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের যোগদান অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

চাঁদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবেশে শাওন সরকার (১৮) নামে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার নারায়ণপুরের বাদামগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

নিহত শাওন উপজেলার উত্তর নলুয়া এলাকার ইকবাল সরকারের ছেলে। মা রোকসানা বেগমকে নিয়ে তিনি উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। ভাড়া করা অটোরিকশা চালিয়ে চলত মা-ছেলের সংসার।

স্বজনদের দাবি, উপজেলার নারায়ণপুর ও উত্তর নলুয়া এলাকার কয়েকজন ব্যক্তি এবং অটোরিকশাচালকের সঙ্গে টাকার লেনদেন নিয়ে শাওনের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে ওই ব্যক্তিদের সঙ্গে শাওনের একাধিকবার কথা-কাটাকাটি হয়। ওই সময় তাঁরা শাওনকে দেখে নেয়ার হুমকি দেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে ওই বিরোধের যোগসূত্রের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তারা।

কান্না জড়িত কন্ঠে নিহত শাওনের মা রোকসানা বেগম বলেন, ‘ছেলেডারে পরিকল্পনা কইরা ওরা মাইরালাইছে। ছেলেডা খুন অইল। এহন আমি কী লইয়া বাঁচুম? আমার সব শেষ। ছেলেই ছিল আমার সবকিছু। ছেলের আয়েই সংসারের খরচ চলত। এহন সংসার কে চালাইব? আমি ছেলে হত্যাকারীদের ফাঁসি চাই।

এদিকে ঘটনার বিষয়ে পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারায়ণপুর বাজার এলাকা থেকে মাছুয়াখাল এলাকায় যাওয়ার জন্য রাত ৯ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে শাওনের অটোরিকশায় ওঠে। বাদামগাছতলা এলাকায় পৌঁছালে তারা নেমে যাওয়ার কথা বলে অটোরিকশাটি থামায়। সেখানে থামাতেই শাওনের মাথা, চোখ, মুখ, কপালসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে তারা এলোপাতাড়ি কোপাতে থাকে।

একপর্যায়ে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। এ সময় অটোরিকশাটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে লোকজন ধাওয়া দিলে তারা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। এরপর শাওনকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরো বলেন, ‘শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিণ্হ রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।’

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘ঘটনার সাথে সম্পৃক্ত কিছু আলামত আমরা জব্দ করি। ওই আলামতের সূত্র ধরেই প্রাথমিকভাবে যাদের ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েছি ওই তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া একটা পিকআপ ভ্যানে বেধে অটোরিকশা নিয়ে যাচ্ছিল। আমরা সেটাও শনাক্ত করেছি। অচিরেই তাকে আটক করতে সক্ষম হবো।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর