
চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো. শাহজাহান মিয়া তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায়, চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, চাঁদপুর একটি সম্ভাবনাময় নদীবেষ্টিত জেলা হলেও নদীভাঙন, বালু সিন্ডিকেট, বেকারত্ব ও অপরিকল্পিত নগরায়নের কারণে জনগণ নানা সংকটে রয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি সেবক হয়ে কাজ করবেন। তিনি বলেন, চাঁদপুরকে পর্যটন নগরী গড়ে তোলা, নদীভাঙন রোধ, পরিকল্পিত নগরায়ন, কর্মসংস্থান সৃষ্টি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ করা, ইলিশ শিল্পের উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং নির্মূল, শিক্ষা ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, এনসিপি চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুব আলম, খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজি ও ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম।
এ সময় ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।
সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, আল ইমরান শোভন, তালহা জুবায়ের ও আশিক বিন রহিম। এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন