নিজস্ব প্রতিবেদক।।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন। এবার ১ লাখ ৯৩ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, যা এ পর্যন্ত সর্বাধিক।
বোর্ড সূত্র জানায়, এ বছর ৪১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে, সংখ্যার হিসেবে যা ৫ লাখেরও বেশি। পাশাপাশি, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে, ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে।
পুনর্মূল্যায়নের দাবি
বর্তমান নিয়মে খাতা পুনর্নিরীক্ষণে শুধু চারটি বিষয় দেখা হয়—
১️⃣ সব প্রশ্নে নম্বর দেওয়া হয়েছে কি না,
২️⃣ প্রাপ্ত নম্বরের যোগফল ঠিক আছে কি না,
৩️⃣ নম্বর ওএমআর শিটে সঠিকভাবে উঠানো হয়েছে কি না,
৪️⃣ ওএমআর বৃত্ত সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না।
তবে অভিভাবকরা বলছেন, এটি “আসল মূল্যায়ন” নয়। রাজধানীর এক শিক্ষার্থীর মা জানান,“সব বিষয়ে জিপিএ-৫ পেলেও ধর্ম বিষয়ে মাত্র ৭৯ পেয়েছে আমার মেয়ে। এক নম্বরের জন্য জিপিএ-৫ হাতছাড়া হয়েছে। আমরা পূর্ণ পুনর্মূল্যায়ন চাই।”
অন্যদিকে পরীক্ষার্থী রবিউল ইসলাম বলেন,“প্রতি বছর পুনর্নিরীক্ষণে হাজার ভুল ধরা পড়ে। পুনর্মূল্যায়নের সুযোগ থাকলে আরও বড় ভুল ধরা পড়বে।”
শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান,“আইন পরিবর্তন ছাড়া পুনর্মূল্যায়ন সম্ভব নয়। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে।”
বোর্ডওয়ারি আবেদন চিত্র
শিক্ষা বোর্ড আবেদনকারী (জন) খাতা সংখ্যা
ঢাকা ৬৬,১৫০ ১,৩৬,৫০৬
কুমিল্লা ২২,১৫০ ৪২,০৪৪
রাজশাহী ২০,৯২৪ ৩৬,২০৫
যশোর ২০,৩৯৫ ৩৬,২০৫
চট্টগ্রাম ২২,৫৯৫ ৪৬,১৪৮
সিলেট ১৩,০৪৪ ২৩,৮২০
দিনাজপুর ১৭,৩১৮ ২৯,২৯৭
ময়মনসিংহ ১৫,৫৯৮ ৩০,৭৩৬
বরিশাল ৮,১১১ ১৭,৪৮৯
বিএম-ভোকেশনাল ১২,০০৭ ১৫,৩৭৮
আলিম ৭,৯১৬ ১৪,৭৩৩
শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। যাদের ফল পরিবর্তন হবে, তারা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন, পাশাপাশি বোর্ডের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৯৭ জন।