
ফরিদগঞ্জ প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন,
“এক ব্যাগ রক্তের বিনিময়ে একটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একজন সুস্থ ব্যক্তি যেহেতু নির্দিষ্ট সময় পর পর রক্ত দিতে পারে, তাই প্রতিটি মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি।”
তিনি বলেন, “রাজনীতিতে আসার আগেও আমি মানুষের সেবা করেছি। লায়ন্স ক্লাবের গভর্নর থাকাকালীন এক বছরে আড়াই হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছি এবং কয়েকশ’ মানুষের চোখের অপারেশন করিয়ে নতুন জীবন উপহার দিয়েছি। রাজনীতিতে এসেও দেখেছি, একই কাজই করতে হচ্ছে— মানুষের পাশে থাকা, তাদের দুঃখে-সুখে সহযোগিতা করা। আমি এখন বুঝি, মানুষের সেবা করাটাই আসলে বড়ো রাজনীতি।”
লায়ন হারুনুর রশিদ আরও বলেন,
“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির রাজনীতি করি— যেই দল জনগণের কথা বোঝে ও তাদের কথা শোনে। বিএনপি জনগণের দল বলেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিশ্চয়ই এই আদর্শিক দলকেই দেশের সেবা করার সুযোগ দেবে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় ‘তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন, এবং পরিচালনা করেন সংগঠক শামীম হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, টুটুল পাটওয়ারী, মো. আলী মৃধা, পৌর যুবদল নেতা শাওন পাঠান, লায়ন হারুনের বড় ছেলে সাদমান অপূর্ব, বিএনপি নেতা সাগর মেম্বার, মনির হোসেন, আবু সায়েদ, আ. কাদির, মমিউর রহমান রিপন, এবং ফাউন্ডেশনের উপদেষ্টা মামুন সর্দার প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন।