
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রভাবশালী নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ছয়জন আলোচিত ও পরিচিত নেতা এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। সক্রিয় সাংগঠনিক ভূমিকা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে স্থানীয়ভাবে তাদের নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
হেভিওয়েট প্রার্থী এম এ হান্নান
মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সক্রিয় রয়েছে। তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা তাকে এগিয়ে রাখছে।
লায়ন হারুনুর রশিদ
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ। কেন্দ্রীয় রাজনীতিতে তার অবস্থান ও অভিজ্ঞতা ফরিদগঞ্জে তাকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে পরিচিত করেছে। দলের উচ্চ পর্যায়ে তার ঘনিষ্ঠতা এবং সাংগঠনিক দক্ষতা আলোচনায় স্থান পাচ্ছে।
মোতাহার হোসেন পাটওয়ারী
দলীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীও এ আসনে মনোনয়ন চাইছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি নিষ্ঠা এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।
কাজী রফিক
এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের একজন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। তিনি ছাত্রদল ও যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য দলে পরিচিত মুখ হয়ে উঠেছেন। হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও অবিচলভাবে ফরিদগঞ্জে কাজ করে যাচ্ছেন।
এডভোকেট আব্বাস উদ্দিন
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট আব্বাস উদ্দিনও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। যদিও বর্তমানে মাঠ পর্যায়ে খুব একটা সক্রিয় নন, তবে ফরিদগঞ্জে তার সামাজিক ও পেশাগত পরিচিতি রয়েছে। তার আইনি ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা প্রার্থিতার আলোচনায় তাকে যুক্ত করেছে।
হুমায়ুন কবির বেপারী
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারীও এ আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনি জানান, দলের জন্য নির্যাতিত হয়ে কারাভোগ করেছেন এবং সাংগঠনিকভাবে ফরিদগঞ্জে শক্তিশালী সাংস্কৃতিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। সাংস্কৃতিক অঙ্গনে তার দীর্ঘদিনের ভূমিকা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
বিএনপির শক্ত ঘাঁটি ফরিদগঞ্জ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরিদগঞ্জ (চাঁদপুর-৪) আসনটি বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে ছয় মনোনয়ন প্রত্যাশীর মধ্যে থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নির্ভর করবে দলের হাইকমান্ডের কৌশলগত সিদ্ধান্তের ওপর। তবে এরই মধ্যে প্রত্যেক প্রার্থী মাঠে সরব হয়ে উঠেছেন এবং নিজেদের অবস্থান শক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়ভাবে বিএনপির ঘরোয়া বৈঠক, গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে এ আসনের রাজনৈতিক তৎপরতা বেড়েছে কয়েকগুণ। ফলে ফরিদগঞ্জের মানুষও আগ্রহভরে তাকিয়ে আছেন—চূড়ান্তভাবে কাকে বিএনপি প্রার্থী ঘোষণা করে নির্বাচনী মাঠে নামায়।