
চাঁদপুর লঞ্চঘাট থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ নূরুল আমিন (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র ২নং পল্টুন থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নূরুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার মো. আবুল হাশেমের ছেলে। তার কাছ থেকে কালো কস্টিব মোড়ানো ১ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা।
চাঁদপুর নৌ থানার ওসি এ.কে.এম.এস. ইকবালের নির্দেশে পরিচালিত এ অভিযানে এসআই আবুল হাশেম, কনস্টেবল বিপ্লব ও খালেদ অংশ নেন। আটক নূরুল আমিনের প্যান্টের বাম পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
নৌ থানার ওসি এ.কে.এম.এস. ইকবাল জানান, রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।