
ফরিদগঞ্জ ব্যুরো।।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ (১০ নং) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়াকে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ ঘটনায় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরবর্তী বছরের ২০ ফেব্রুয়ারি এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ভূঁইয়া (৩৫) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির প্রয়াত চেয়ারম্যান খাজা আহম্মদ ভূঁইয়ার ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় পলাতক থাকার কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে।