
চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের জি.টি রোড এলাকার দীর্ঘদিনের অবহেলিত সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সচেতন নাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটির সদস্যরা স্থানীয় সচেতন জনগণকে সঙ্গে নিয়ে ভাঙা সড়কের বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে বেড়া দেয় এবং ভাঙা ইট-পাথর ও রাবিশ ফেলে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলে। ফলে স্থানীয়দের জন্য স্বাভাবিক যাতায়াত ও যানবাহন চলাচলের পথ সুগম হয়।
সরেজমিনে গিয়ে সচেতন নাগরিক কমিটির সদস্য তোফায়েল জানান, “এ সড়কটি প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে সংস্কারহীন ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বারবার পৌর কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছি, কিন্তু আশ্বাস ছাড়া কোনো সমাধান পাইনি। স্থানীয় পত্রিকায় একাধিকবার এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি। পৌর প্রশাসক স্বয়ং সরেজমিনে এসে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তাও বাস্তবায়ন হয়নি। তাই আজ আমরা নিজেরাই অর্থায়ন করে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছি।”
অন্যদিকে সচেতন নাগরিক কমিটির সদস্য আরিফ গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত পৌরসভার সব ভ্যাট-ট্যাক্স পরিশোধ করি। তারপরও দীর্ঘদিন অবহেলিত রয়েছি। এলাকায় ড্রেন নেই, রাস্তা নেই, পানির সমস্যা রয়েছে। পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করবো যেন এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধান করে। নাহলে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।